‘কাঠের’ স্যাটেলাইট বানাচ্ছে জাপান

২৯ ডিসেম্বর, ২০২০ ১২:২৬  
যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি এবং কিয়োটো ইউনিভার্সিটি। ২০২৩ সালের মধ্যে এটি বানাতে সফল হতে ইতোমধ্যেই গাছের বৃদ্ধি এবং মহাকাশে কাঠের উপাদানের ব্যবহার নিয়ে গবেষণা শুরু করেছে সুমিতোমো ফরেস্ট্রি। কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক এবং জাপানি নভোচারী তাকাও দোই বিবিসি-কে বলেছেন,“গবেষণার পরবর্তী ধাপ হলো স্যাটেলাইটের একটি প্রকৌশল মডেল তৈরি করা, এরপর আমরা ফ্লাইট মডেল উৎপাদন করবো।” নভোচারী হিসেবে ২০০৮ সালের মার্চে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছেন দোই। ওই অভিযানের সময় বিশ্বের প্রথম মানব হিসেবে মহাকাশে বুমেরাং ছুড়েছেন তিনি। মাইক্রোগ্র্যাভিটিতে যাতে কাজ কারে সেভাবেই নকশা করা হয়েছিল বুমেরাংটি। সুমিতোমো গ্রুপের অংশ সুমিতোমো ফরেস্ট্রি। প্রতিষ্ঠানটি বলছে, তাপমাত্রা ও রোদের পরিবর্তনে অত্যন্ত সহনশীল কাঠের উপাদান বানানো হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্যানুসারে, পৃথিবীর চারপাশে প্রায় ছয় হাজার স্যাটেলাইট আবর্তন করছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ মহাকাশের আবর্জনা। গবেষণা প্রতিষ্ঠান ইউরোকনসাল্টের ধারণা, এই দশকে প্রতি বছর গড়ে ৯৯০টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। ফলে ২০২৮ সালের মধ্যে কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা হতে পারে প্রায় ১৫ হাজার।